
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় পৈত্রিক জমি দখল করতে ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধর, গুরুতর জখম ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ৩ জুন ২০২৬ তারিখ বিকেলে গাইবান্ধা সদর থানায় এই ঘটনায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী মো. জাহাঙ্গীর আলম চিশতী।
এজাহারের বিবরণ অনুযায়ী, দীর্ঘদিন ধরে মো. শাইদুল ইসলাম (৪৫), মো. মজিবুর রহমান (৫০), মো. আনোয়ার হোসেন (৩৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী জাহাঙ্গীর আলমের পৈত্রিক জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। গত ৩ জুন বিকেল ৩টার দিকে আসামীরা লাঠি, লোহার রড, ধারালো ছোরা ও কোদাল নিয়ে জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে মাটি ভরাটের কাজ শুরু করে।
এসময় জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা. রীনা বেগম বাধা দিলে আসামী মজিবুর রহমানের নির্দেশে তাকে এলোপাতাড়ি মারপিট করা হয়। এক পর্যায়ে আসামী শাইদুল ইসলাম ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে রীনা বেগমের মাথায় আঘাত করতে গেলে তিনি মাথা সরিয়ে নেন। এতে ছোরাটি রীনার কপালে লেগে গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম হয়। অভিযোগ রয়েছে, হামলার সময় আসামীরা রীনা বেগমের কাপড় টানাটানি করে শ্লীলতাহানি ঘটায় এবং তার বুকে-পিঠে এলোপাতাড়ি লাথি মেরে জখম করে। এছাড়া আসামী আনোয়ার হোসেন রীনার গলা থেকে ৮৫ হাজার টাকা মূল্যের ছয় আনা ওজনের স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে যায়।
ঘটনার সময় স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে আসামীরা ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে গুরুতর আহত রীনা বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলার শিকার রীনা বেগমের চিকিৎসার কারণে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার জানিয়েছেন।

