
মাসুম বিল্লাহ, খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এতে সাইদুর রহমান সাইদ (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭-৮ জন যাত্রী।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পাইকগাছার বাসিন্দা আছাবুর সরদারের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ।
তিনি জানান, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে বাসটি খুলনার দিকে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
ওসি আরও জানান, আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সাইদুরের মরদেহ ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

