
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত ৯৪ নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্বাধীন বাংলা ক্রিকেট টুর্নামেন্ট সিজন–২ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী, সমাজসেবক ও তরুণদের প্রেরণার প্রতীক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক তরুণ, ক্রীড়ানুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট উদ্বোধন করে জনাব শফিকুল ইসলাম খান মিল্টন বলেন—
“ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ রাখার শক্তি। খেলাধুলা মানুষকে মাদক ও অনৈতিক পথ থেকে দূরে রাখে। আমি চাই প্রতিটি ওয়ার্ডে তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও শক্তি বিকশিত করুক।”
তিনি আরও বলেন—
“স্বাধীন বাংলার নামেই এই টুর্নামেন্ট—যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে স্মরণ করিয়ে দেয়। আমরা চাই স্বাধীনতার মূল্যবোধ নিয়ে তরুণরা নতুন বাংলাদেশ গড়ে তুলুক।”
অনুষ্ঠানে বক্তারা মিল্টনের তরুণবান্ধব মনোভাব ও এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬টি স্থানীয় দল, যারা খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে বলে আয়োজকরা জানান।
পুরো উদ্বোধনী অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত স্লোগান, উচ্ছ্বাস ও ক্রীড়া-উৎসবের আমেজ—যা তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

