
নিজস্ব প্রতিনিধি :
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সম্প্রতি পাহাং রাজ্যের বেন্তংয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন সংগঠনের সদস্যরা।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে বিডিনিউজ২৪-এর মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খানকে আহ্বায়ক, একাত্তর টিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুকে সদস্য সচিব এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানকে সদস্য করা হয়েছে।
পরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং আগামী ১৫ জুনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে।
বিদায়ী কমিটির সভাপতি বাহান্ন নিউজের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক, চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
এর আগে অনুষ্ঠিত বর্ধিত সভায় ২০২৪-২৫ মেয়াদের কমিটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে সদস্যরা ঐকমত্যে পৌঁছান।
উল্লেখ্য, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ২০১০ সালে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বিভিন্ন স্বনামধন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মালয়েশিয়া প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের সদস্যরা প্রবাসীদের কাছে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।

