
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং পুলিশি সেবার মান বাড়াতে বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।
তিনি জেলার আমিনপুর থানা বেড়া মডেল থানা, সাঁথিয়া থানা এবং কাশিনাথপুর পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা গুলোর দাপ্তরিক ও সার্বিক কার্যক্রম, ডিউটি রেজিস্টার এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি থানা কম্পাউন্ড ও অফিসের অভ্যন্তরীণ পরিবেশ ঘুরে দেখেন এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় ও সেবার পরিবেশ উন্নত করতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
থানা ও ক্যাম্পের কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, “জনগণের দোরগোড়ায় দ্রুত, নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। কোনো সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হন। সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।” তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

