
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পলাশবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই অভিযানে মাদক সেবনের দায়ে আরও একজনকে আটক করা হয়েছে।
গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে (২০২৬) দিবাগত রাত ১১টা ২৫ মিনিটের দিকে পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক কারবারি মো. আমিন আকন্দ (৫০)-এর বসতবাড়ির আঙ্গিনায় তল্লাশি চালানো হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা একটি নীল রঙের জিপারে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আমিন আকন্দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় মামলা (মামলা নম্বর: ০১, তারিখ: ০১/০৬/২০২৬) রুজু করা হয়েছে।
একই অভিযানে ঘটনাস্থল থেকে মাদক সেবনের অপরাধে মো. আতিকুর রহমান (২০) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নন-এফআইআর প্রসিকিউশন (নন-এফআইআর ৩৫, তারিখ: ০১/০৬/২০২৬) দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

