
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেন। কিন্তু ওই যুবক ইয়াবা না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলেন। এই ঘটনা জানতে পেরে সজীব মিয়া ক্ষিপ্ত হন এবং ওই যুবকের সঙ্গে তার হাতাহাতি ও মারামারি শুরু হয়।
একপর্যায়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকা স্থানীয় যুবক কামাল, জসিম ও দেওয়ান উদ্দিনসহ কয়েকজন এগিয়ে আসেন এবং মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এতে সজীব মিয়ার পক্ষ নিয়ে এলাকার শাহীন ও রতন মিয়া নামে দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের মধ্যে তীব্র তর্ক-বিতর্ক শুরু হয়।
তর্ক-বিতর্কের জের ধরে রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এতে পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালীন সময়ে রায়হান মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

