
মোঃ আল-আমিন, অষ্টগ্রাম :
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা-এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ ২৬ মে ৩ নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মজনু মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, ৩ নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকারের এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সহায়তা পেয়ে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসে।
তবে বিতরণ কার্যক্রমকে ঘিরে স্থানীয়দের মধ্যে কিছু অভিযোগও উঠেছে। এলাকাবাসীর একাংশের দাবি, ৯ নং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তুলনামূলকভাবে কম অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ৩ নং ইউনিয়নের নাম বেশি এসেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডেও প্রকৃত ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে তালিকাভুক্ত করা হয়নি বলেও দাবি করেছেন অনেকে।
স্থানীয়দের অভিযোগ, উপকারভোগীদের তালিকা প্রণয়নে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এ নিয়ে তারা দ্রুত তদন্তের দাবি জানিয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বঞ্চিত না করে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হোক, যাতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের সুফল প্রকৃত মানুষের কাছে পৌঁছায়।

