
মাসুম বিল্লাহ, খুলনা :
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে অবশেষে তাদের চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত পাট শ্রমিকরা।
আজ রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় কেসিসি প্রশাসক দৌলতপুরে আন্দোলনস্থলে গিয়ে শ্রমিক এবং বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সরাসরি কথা বলেন। এ সময় তিনি জানান, কাঁচা পাট রপ্তানি পুনরায় চালু এবং বন্ধ জুট মিলগুলো খুলে দেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দ্রুতই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন— প্রশাসকের এমন আশ্বাসের পর শ্রমিকরা তাদের কর্মসূচি থেকে সরে দাঁড়ান।
এর আগে, কাঁচা পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৯ মে থেকে দৌলতপুরে অবস্থিত বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন পাট শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ১০টা থেকেও তারা সেখানে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।
আন্দোলনস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের উদ্দেশ্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “পাট ও পাট শ্রমিকদের বাঁচিয়ে রাখতে সরকার আন্তরিক। কাঁচা পাট রপ্তানি এবং বন্ধ জুট মিলগুলো চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত কথা হয়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষা করে খুব দ্রুতই একটি সমাধানের সিদ্ধান্ত আসবে।”
প্রশাসকের এই বক্তব্যে আশ্বস্ত হয়ে শ্রমিক নেতৃবৃন্দ আপাতত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। তবে দ্রুত সিদ্ধান্ত না এলে তারা আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

