
আল মুজাহিদ-(যশোর)
শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) যশোর জেলা শাখা।
যশোর শহরের কালেক্টরেট ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং শিশু নিখোঁজের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে সংগঠনের সদস্যরা পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিশু সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়। উপস্থিত অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ভিবিডি যশোর জেলার পাবলিক রিলেশন অফিসার এ বি সৌমিক আহমেদ বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম সমাজকে অপসংস্কৃতি ও সহিংসতা থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

