
আবু সুফিয়ান বাবু :
ঠাকুরগাঁও জেলার লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের সৃজনশীল প্রতিযোগিতা “আর্ট বাংলাদেশ”-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী জেলা পর্যায়ে বিজয়ী হওয়ার পাশাপাশি একজন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়েও বিজয় অর্জন করে বিশেষ গৌরব বয়ে এনেছে।
জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা হলেন— ১০ম শ্রেণির মোঃ সুয়াব আলী, ১০ম শ্রেণির মোছাঃ আফিয়া মায়মুনা এবং ৬ষ্ঠ শ্রেণির মোছাঃ জেরিন আক্তার। এছাড়াও বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ সোয়াব ইসলাম বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে বিদ্যালয়ের জন্য অনন্য সম্মান অর্জন করেছেন।
এই সাফল্য উপলক্ষে বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিল্লুর রহমান বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের আন্তরিক অভিনন্দন জানান। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের এই অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে। শিক্ষকদের নিয়মিত দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতার ফলেই শিক্ষার্থীরা এমন সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
এদিকে বিজয়ী শিক্ষার্থীদের এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় শিক্ষানুরাগীরাও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

