
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামিম (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (২০ মে) বিকেলে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের মসজিদপাড়ায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম ওই এলাকার কুদ্দুস মিয়ার তৃতীয় ছেলে এবং স্থানীয় সোনাতোলা মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশু তামিম। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় সে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তামিমকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্থানীয়রা তামিমকে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌফিক এলাহী খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সাত বছরের ফুটফুটে শিশু তামিমের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো সোনাতোলা গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

