
আল মুজাহিদ-যশোর
যশোরে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাব এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে, সে জন্য কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় বিচার নিশ্চিতের দাবিতে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।

