
আল মুজাহিদ-যশোর
যশোরের কেশবপুরে এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মিড-ডে মিল চালু এবং শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবিতে যশোরের কেশবপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কেশবপুর উপজেলার গাজীর মোড়ে উপজেলার বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এবতেদায়ী মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে শিক্ষাসেবা দিয়ে আসছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এখনও নানা বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল চালু হলে ঝরে পড়া রোধের পাশাপাশি শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হলে তারা আর্থিক নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। পরে তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

