
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা সরকারি কলেজের উদ্যোগে শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে আয়োজিত ‘সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও মডারেশন এবং বেসিক আইসিটি বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ২০ মে (বুধবার) দুপুর ১২টায় কলেজের গণিত বিভাগের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন-হাউজ প্রশিক্ষণ প্রোগ্রাম-২০২৬ এর আহ্বায়ক ড. মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মাসুদুর রহমান।
কলেজ সূত্রে জানা যায়, শিক্ষকদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদানে সক্ষম করতে দুই ভাগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর মধ্যে বেসিক আইসিটি বিষয়ে ৩ দিনব্যাপী এবং সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও মডারেশন বিষয়ে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা কম্পিউটার পরিচিতি, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, স্মার্ট আর্ট, চার্ট, ওয়েব ব্রাউজিং এবং বাজেট প্রণয়ন ও বাস্তবায়নসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু সাঈদ মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ, দর্শন বিভাগের প্রভাষক মোঃ ইফতেখারুর রহমান ও মোঃ মিজানুর রহমান এবং আইসিটি বিভাগের প্রভাষক মোঃ রাগিব শাহরিয়ার।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকদের এই পেশাগত প্রশিক্ষণ বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে। শিক্ষকরা ক্লাসরুমে এই জ্ঞানের প্রতিফলন ঘটিয়ে শিক্ষার্থীদের সরকারের ভিশন মোতাবেক দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবেন।”
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণে অংশ নেওয়া সকল শিক্ষকের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

