
দীপক শর্মা, ঠাকুরগাঁও :
‘আজকে পুলিশ মেরে দুপুরে ভাত খাবো’ এমন হুমকি দিয়েই ঠাকুরগাঁওয়ে সাদা পোশাকে দায়িত্ব পালনরত এক পুলিশ কনস্টেবলকে অপহরণের পর জিম্মি করে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি ও জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাঁর পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়।
এই চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় পাঁচ আসামির সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে কোনো গভীর রহস্য বা আর্থিক লেনদেনের বিরোধ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে আসামিদের রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. সোহেল রানা (৩২), মো. বিপ্লব ইসলাম (২৭), মো. নাজমুল হোসেন ওরফে রাব্বি (২২), মো. সাকিব খান (২৬) ও মো. নাইম আহাম্মেদ (২৮)।

