
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িযা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানসিক সমস্যাজনিত কারণে জাইমা রহমান (১৩) নামে এক মাদরাসাছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জাইমা রহমান আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া উত্তর হাটি এলাকার ইউনুস মিয়ার মেয়ে। তিনি স্থানীয় তারুয়া মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে জাইমা নিজ ঘরের ভেতর ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জাইমার স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মাদরাসায় ভর্তি হওয়ার পর তার মানসিক অবস্থার আরও অবনতি হলে পরিবার তাকে পড়াশোনা থেকে সাময়িকভাবে বিরত রাখে। পরিবারের দাবি, ইতিপূর্বেও জাইমা কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের মানসিক সমস্যার কারণেই ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই ঘটনায় আশুগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

