
মোঃ শফিকুল আলম
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাইবান্ধায় এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (১৩ মে) সকাল ৯:৩০ মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে সরকারের নির্বাচনি ইশতেহারের প্রধান দিকগুলো তুলে ধরা হয়। বিশেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, আধুনিক কৃষি ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রসারে গৃহীত পদক্ষেপগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, “সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা জরুরি। জেলা তথ্য অফিসের এই প্রচার কার্যক্রম সরকারের উন্নয়ন বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি সরকারের বিভিন্ন মেগা প্রজেক্ট এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনায় গাইবান্ধা জেলা তথ্য অফিস এই ব্রিফিংয়ের সমন্বয় করে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা তথ্য অফিস নিয়মিতভাবে উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী এবং প্রচারপত্র বিলির মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা চালিয়ে যাচ্ছে, যারই ধারাবাহিকতায় আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন।

