
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত র্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামলা ও তাদের আটকে রেখে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (১১ মে) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলায় অবস্থিত র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কম্পানিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী সংবাদ সম্মেলনে জানান, সোমবার বিকেলে র্যাবের তিন গোয়েন্দা সদস্য মোটরসাইকেল যোগে বাঞ্ছারামপুর উপজেলায় তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন। তারা খাগাতুয়া গ্রাম অতিক্রম করার সময় এলাকার কুখ্যাত ‘শফিক ডাকাত’ ও তার বাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করে।
একপর্যায়ে ডাকাত শফিকের ক্যাডাররা র্যাব সদস্যদের জিম্মি করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এক র্যাব সদস্যের মাথায় আঘাত করে এবং পিটিয়ে বাকি দুজনের হাত ভেঙে দেয়।
খবর পেয়ে জেলা থেকে র্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গ্রেফতারকৃতদের পরিচয়
হামলার ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন:
১. আব্দুল কাদির (৬২) – হামলার অন্যতম হোতা।
২. মো. রাহিম আহমেদ (২০)।
৩. আব্দুর রহমান প্রকাশ অপু মিয়া (১৯)।
৪. নুর আলম প্রকাশ নুরনবী (১৯)।
৫. ছানোয়ারা বেগম (৪৮)।
র্যাব জানায়, ঘটনার পর রাতভর খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত শফিক ডাকাত অভিযানের খবর পেয়ে গা-ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, র্যাব পাঁচজনকে আটক করেছে বলে আমরা অবগত হয়েছি। তবে এখনো তাদের থানায় হস্তান্তর করা হয়নি। র্যাবের পক্ষ থেকে মামলার এজাহার প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে খাগাতুয়া ও আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

