
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িযা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে র্যাব-৯-এর গোয়েন্দা শাখার তিন সদস্যের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে কুখ্যাত সন্ত্রাসী ‘চুরা শফিক’ ও তার বাহিনীর হাতে তারা লাঞ্ছিত ও আহত হন বলে জানা গেছে।
আহত র্যাব সদস্যবৃন্দ
আহতরা হলেন র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর গোয়েন্দা শাখার সদস্য:
আব্দুল মালেক (এফএস)
রাশেদ (কনস্টেবল)
কাজল (হাবিলদার)
আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আব্দুল মালেক জানান, তারা দুটি মোটরসাইকেলে করে তথ্য সংগ্রহের জন্য বাঞ্ছারামপুর থানার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে যাচ্ছিলেন। খাগাতুয়া এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এসময় কুখ্যাত সন্ত্রাসী শফিক ওরফে “চুরা শফিক” ও তার বাহিনী তাদের পথরোধ করে।
তারা র্যাব সদস্যদের প্রতিপক্ষের লোক মনে করে অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল মালেকের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অন্য দুই সদস্যও আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে এবং প্রাণ বাঁচাতে তারা হামলাকারীদের কাছে ক্ষমা পর্যন্ত চান। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হওয়ার পর দীর্ঘ সময় পর তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, শফিক ওরফে চুরা শফিক ওই এলাকার এক দুর্ধর্ষ সন্ত্রাসী। তার নেতৃত্বে গড়ে ওঠা বাহিনীটি এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর এ ধরণের হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে কি না—এমন প্রশ্নে আব্দুল মালেক জানান, বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে তারাই পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
গোয়েন্দা সদস্যদের ওপর হামলার খবর পেয়ে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। অভিযুক্ত শফিক ও তার অনুসারীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।

