
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িযা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর জুমাহাটি গ্রামের সৈয়দ আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে দেলোয়ার মিয়া নামে এক ব্যক্তির বসতঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সৈয়দ আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেলোয়ার মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তার আগেই ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিক ধারণায় এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করছে। সহায়-সম্বল হারিয়ে দেলোয়ার মিয়ার পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে সেখানে উপস্থিত হন এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

