
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মরহুম দেনু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৮ মে) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদের আয়োজনে দেড় লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টটি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্বোধনী দিনে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রধান অতিথি এমপি আব্দুল মান্নান ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, “যুব সমাজকে মাদক, অপরাধ ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
যে সমাজে খেলাধুলা ও সুস্থ বিনোদন থাকে, সেখানে অপরাধ প্রবণতা কমে আসে এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। তরুণদের আরও বেশি করে মাঠমুখী হতে হবে।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে দক্ষ, সচেতন ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে দেশনায়ক তারেক রহমান সবসময় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকারও মাঠ সংস্কার ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ময়ীন উদ্দিন আহামেদ ময়িন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। খেলা শেষে অতিথিরা আয়োজকদের এই চমৎকার উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

