
মোঃ তাইনুল ইসলাম
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের প্রতিনিধি সিমোন পার্চমেন এবং তার প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে দেশের শিক্ষার্থীদের জন্য ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুষ্টিসমৃদ্ধ ও গুণগত মানসম্পন্ন খাবার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
মাহ্দী আমিন বলেন, তারেক রহমান তার নির্বাচনি ইশতেহার ও বিভিন্ন বক্তব্যে ‘মিড ডে মিল’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি মনে করেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে সরকার দায়বদ্ধ।
বৈঠকে ডব্লিউএফপির প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। ‘মিড ডে মিল’ কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে মনিটরিং ও তদারকি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং ইমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন।

