
মোঃ মাসুম বিল্লাহ-খুলনা :
বিজ্ঞাপন প্রচারের নামে সরকারি ও জনগণের অর্থ লোপাটের অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল, তার দুই ছেলে, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এবং বিএইচ হারুনসহ ১৫ জনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাগুলো নথিভুক্ত করা হয়।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেনের নিশ্চিত করা তথ্যানুযায়ী, মামলার প্রধান আসামিরা হলেন,এইচবিএম ইকবাল: সাবেক চেয়ারম্যান, দি প্রিমিয়ার ব্যাংক,মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল: পরিচালক, দি প্রিমিয়ার ব্যাংক (ইকবালের দুই ছেলে),আব্দুস সালাম মুর্শেদী: সাবেক সংসদ সদস্য ও পরিচালক, দি প্রিমিয়ার ব্যাংক,বজলুল হক হারুন (বিএইচ হারুন): সাবেক সংসদ সদস্য ও পরিচালক, দি প্রিমিয়ার ব্যাংক,চৌধুরী জাফরুল্লাহ শরাফাত: পরিচালক ও প্রখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার,এম রিয়াজুল করিম: ব্যবস্থাপনা পরিচালক (এমডি), দি প্রিমিয়ার ব্যাংক,ইকবাল আল মাহমুদ: এমডি, ভেন্ডর প্রতিষ্ঠান ‘মাইন্ডটি (Mindtree) লিমিটেড এছাড়াও ব্যাংকের আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে এই লুটপাটে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছে।
দুদকের এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, আসামিরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং যোগসাজশের মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছেন।
২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এইচবিএম ইকবালের নির্দেশে বিজ্ঞাপন প্রচারের কথা বলে ‘মাইন্ডটি লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে মোট ৪৩৮ কোটি ৭১ লাখ টাকা অগ্রিম জমা করা হয়। দুদক এই বিপুল পরিমাণ অগ্রিম জমাকে অর্থ আত্মসাতের প্রাথমিক কৌশল হিসেবে চিহ্নিত করেছে।
নথিপত্রে প্রতিটি টিভি চ্যানেলে ১০০ মিনিট বিজ্ঞাপন প্রচারের চুক্তি থাকলেও বাস্তবে মাত্র ৫০ মিনিট প্রচার করা হয়েছে। অর্থাৎ, ২৪০০ মিনিট প্রচারের কথা বলে ভুয়া বিল জমা দিয়ে ১২০০ মিনিটের সমপরিমাণ অর্থ লুট করা হয়েছে।
৫টি কার্যাদেশের বিপরীতে ভেন্ডর প্রতিষ্ঠান (মাইন্ডটি) কে প্রকৃত বিল দেওয়া হয়েছে মাত্র ১ কোটি ৮ লাখ টাকা। কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে ৯ কোটি ২৫ লাখ টাকা। এই অতিরিক্ত ৮ কোটি ১৭ লাখ টাকা সরাসরি আসামিরা নিজেদের পকেটে ভরেছেন।
দুদকের তথ্যমতে, এখনো প্রায় ৯৬ কোটি ৪১ লাখ টাকা অসমন্বিত বা হিসাবহীন অবস্থায় রয়েছে, যা একইভাবে লুটপাট করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অকাট্য তথ্য-প্রমাণ পাওয়ার পর সংস্থাটি কঠোর আইনি পদক্ষেপ হিসেবে এই ৫টি মামলা দায়ের করেছে।

