
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, ব্যাহত পাঠদান
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।
পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বৃষ্টির দিনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না আসায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।
আজ সোমবার (৪ মে) সকালে সরেজমিনে বিদ্যালয়ের মাঠে এই চিত্র দেখা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশের খাল ও পুকুর ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠ পানিতে তলিয়ে যায়। পানি সরানোর জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি আটকে থাকে।
অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে মাঠের এই জলাবদ্ধতার কারণে ফিরে যেতে বাধ্য হয়। ফলে দুই শিফটেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ কম। এছাড়াও যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে, তারা মাঠের পানিতে নেমে খেলাধুলা করছে, যা তাদের নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।
সাধারণত এমন জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হলে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত শনিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে পানি জমতে থাকে।
একপর্যায়ে হাঁটু সমান পানি উঠে যায়, যার ফলে বিদ্যালয়ে আসা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।’
তিনি আরও জানান, মূলত পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পানি যাওয়ার খাল ও পুকুর ভরাট হওয়ার কারণেই বিদ্যালয়ের মাঠ তলিয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দ্রুত এই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

