
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গত দুইদিন আগে গাইবান্ধা রেলস্টেশন এলাকায় একটি অজ্ঞাত শিশুকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে শিশুটিকে গাইবান্ধা সদর থানায় নিরাপদে রাখা হয়। পরিচয় জানা না থাকায় বিষয়টি নিয়ে সবার মাঝে উদ্বেগ তৈরি হয়। শিশুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয়রা, গনমাধ্যম কর্মী ও পুলিশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। অবশেষে সেই প্রচেষ্টাই সফল হয়।
আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে শিশুটির পরিবার তাকে শনাক্ত করতে সক্ষম হয় এবং দ্রুত গাইবান্ধা সদর থানায় এসে পৌঁছায়। পরে নিশ্চিত হওয়া যায়, শিশুটির নাম আব্দুল্লাহ। তার পিতার নাম ইউনুস। তাদের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার হুগলী এলাকায়।
গাইবান্ধা সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়া শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা একটি মানবিক দায়িত্ব ছিল, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।
পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মানবাধিকার কর্মী ও চ্যানেল এস- এর জেলা প্রতিনিধি মোঃ ফারহান শেখ এবং সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরিবার জানায়, গাজীপুরের একটি হাসপাতাল থেকে শিশুটি হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। আব্দুল্লাহর বাবা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে বলেন,
”ছেলেকে ফিরে পাবো ভাবিনি। যারা আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করেছেন এবং এই দুদিন আগলে রেখেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
শিশু আব্দুল্লাহর মা তার সন্তানকে ফিরে পেয়ে প্রকাশ করেন এবং গাইবান্ধাবাসীকে ধন্যবাদ জানান।

