
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালক/বালিকা) কেন্দ্রের এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছেন গাইবান্ধা-০২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল করিম।
আজ (রবিবার) সকালে তিনি শিশু পরিবার কেন্দ্রে উপস্থিত হয়ে নিবাসী শিশুদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এই সময় সংসদ সদস্য শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও উন্নতমানের খাবার বিতরণ করেন। তার এই উপস্থিতিতে কেন্দ্রজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শিশুদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন, “এই শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক যত্ন ও ভালোবাসা পেলে তারা দেশের সম্পদে পরিণত হবে। ঈদের আনন্দ সবার জন্য সমান। আজকের এই দিনটি তাদের সাথে কাটাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে তাদের যে কোনো প্রয়োজনে আমি এবং বর্তমান সরকার সবসময় পাশে থাকব।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি শিশু পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল। উপস্থিত শিশুরা তাদের মাঝে সংসদ সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে এবং আনন্দে মেতে ওঠে।

