
তারিকুল ইসলাম খান :
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু সময় আসে, যখন রাষ্ট্র শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নয়, বরং গভীর অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, সামাজিক বিভাজন এবং জনগণের আস্থার সংকটের মধ্য দিয়ে অতিক্রম করে। ঠিক এমন এক কঠিন ও ক্ষত-বিক্ষত সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । তাঁর সামনে যেমন রয়েছে বহু চ্যালেঞ্জ, তেমনি রয়েছে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার সুযোগও।
দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, প্রশাসনিক দুর্বলতা এবং সাধারণ মানুষের হতাশা—সব মিলিয়ে দেশের পরিস্থিতি সহজ ছিল না। সাধারণ মানুষ চেয়েছিল এমন এক নেতৃত্ব, যিনি শুধু রাজনৈতিক বক্তব্যে নয়, বাস্তব সিদ্ধান্তে দেশের মানুষকে স্বস্তি দিতে পারবেন। সেই প্রত্যাশার জায়গা থেকেই জনগণের একাংশ নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে আশার চোখে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অর্থনীতিকে গতিশীল করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনের বিষয়ে গুরুত্বারোপ করছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। বিশেষ করে তরুণ সমাজের কর্মসংস্থান, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রতিশ্রুতি জনগণের মাঝে নতুন আলোচনা তৈরি করেছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শুধু রাজনৈতিক নেতৃত্বই যথেষ্ট নয়; প্রয়োজন দূরদর্শিতা, সহনশীলতা এবং জাতীয় ঐক্য গড়ে তোলার মানসিকতা। কারণ একটি বিভক্ত সমাজ কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। তাই বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হলো প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সংলাপ, সহমর্মিতা এবং অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করা।
বিশেষজ্ঞদের মতে, দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে কৃষি, শিল্প ও প্রযুক্তিখাতকে সমান গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে কার্যকর সংস্কার ছাড়া জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে এসব ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ নেওয়া গেলে দেশের মানুষ নতুন আশার আলো দেখতে পারে।
তবে শুধু সরকার একা কোনো জাতিকে এগিয়ে নিতে পারে না। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য প্রয়োজন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ব্যবসায়ী সম্প্রদায় এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা। কারণ বাংলাদেশ সবার, আর এই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার।
ইতিহাস সাক্ষী, প্রতিটি সংকটের মধ্যেই নতুন সম্ভাবনার জন্ম হয়। এখন দেখার বিষয়, কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করা নেতৃত্ব কতটা দক্ষতা, প্রজ্ঞা ও সততার মাধ্যমে বাংলাদেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন পথে এগিয়ে নিতে পারে। জনগণের প্রত্যাশা—দেশ হোক শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ; যেখানে প্রতিটি নাগরিক নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ পাবে।

