
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আব্দুল্লাহ (৮) নামে এক অজ্ঞাতনামা শিশুকে পাওয়া গেছে। শিশুটি বর্তমানে গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টারের হেফাজতে রয়েছে। সে তার বাবার নাম ইউনুস, মায়ের নাম হালিমা এবং বাসা নোয়াখালী জেলায় বলে জানিয়েছে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি আজ মঙ্গলবার গাইবান্ধা রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনটি চলে যাওয়ার পর শিশুটিকে স্টেশন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। শিশুটির আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্টেশন মাস্টারের কার্যালয়ে নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তার নাম আব্দুল্লাহ। সে তার বাবা-মায়ের নাম বলতে পারলেও নোয়াখালীর ঠিক কোথায় তার বাড়ি বা কীভাবে সে এখানে এসেছে, তা স্পষ্ট করে বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, ভুলবশত সে কোনো ট্রেনে উঠে এখানে চলে এসেছে।
গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে এবং তাকে যথাযথ নিরাপত্তায় স্টেশনেই রাখা হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে তার পরিবারের সন্ধান করার চেষ্টা করছি। কোনো হৃদয়বান ব্যক্তি যদি শিশুটির পরিচয় নিশ্চিত করতে পারেন বা তার পরিবারকে চিনে থাকেন, তবে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানা:
স্টেশন মাস্টার,গাইবান্ধা।
মোবাইল নম্বর: ০১৭৩২৩৭৬৩৮৭

