
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা শহরের হকার্স মার্কেট সংলগ্ন কাটপট্টি স্টেশন রোড এলাকায় জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে ‘ম্যাকস হোমিও হল’ নামক একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি ওই ওষুধের দোকান থেকে ২০০ টাকার ওষুধ কিনে বিল পরিশোধের জন্য ১০০০ টাকার একটি নোট প্রদান করেন। দোকানদার হারুন অর রশিদ নোটটি হাতে নিয়ে সেটি জাল বলে সন্দেহ করেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি আশেপাশের ব্যবসায়ীদের জানালে তারা ওই ব্যক্তিকে আটকে রাখেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরও ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সমস্ত নোটই জাল।
এ বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাই করা হচ্ছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে দিনের আলোতে জনাকীর্ণ এলাকায় জাল নোট ব্যবহারের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকরা জানান, বাজারে জাল নোটের বিস্তার রোধে ব্যবসায়ী ও সাধারণ মানুষ—উভয়কেই আরও সতর্ক হতে হবে। বিশেষ করে বড় নোট লেনদেনের ক্ষেত্রে যাচাই-বাছাই করার ওপর জোর দিয়েছেন তারা।

