
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের সুহাতার মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক কলেজ শিক্ষার্থীসহ অন্তত দুজন আহত হয়েছেন।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে সুহাতার মোড়ের দক্ষিণ পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে অটোরিকশাটি নবীনগরের দিকে যাচ্ছিল। সুহাতার মোড় পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা এক কলেজ শিক্ষার্থী ও চালক আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওই অংশে মোড় থাকায় এবং অটোরিকশার গতি কিছুটা বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
উল্লেখ্য,নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটায় সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা এই সড়কে যান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।

