
মাসুম বিল্লাহ-খুলনা :
সারাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করায় শিশুদের সুরক্ষায় দেশব্যাপী ব্যাপক টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ২০ এপ্রিল (সোমবার) থেকে খুলনা সিটি কর্পোরেশনসহ (কেসিসি) সকল জেলা, উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নগর স্বাস্থ্য ভবন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য জানান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “হাম ও রুবেলা ভাইরাসজনিত দুটি অত্যন্ত সংক্রামক ও মারাত্মক রোগ। এই রোগ দুটি সাধারণত আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে অন্যদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। যেকোনো বয়সের মানুষের এই রোগ হতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে এর প্রকোপ, শারীরিক জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। এই জটিলতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে টিকাদানের কোনো বিকল্প নেই।”
খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ডে আগামীকাল সকাল ৯টায় এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কর্মসূচি অনুযায়ী, ৬ থেকে ১২ বছর বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ টিকাদান কেন্দ্রে দীর্ঘ এক মাস ধরে এই কার্যক্রম চলবে।
উল্লেখ্য যে, এ বছর তিন ধাপে এই বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে,প্রথম ধাপ (৫ এপ্রিল): ১৮টি জেলার অধিক গুরুত্বপূর্ণ ৩০টি উপজেলা এবং ১৩টি পৌরসভায় শুরু হয়।দ্বিতীয় ধাপ (১২ এপ্রিল): আরও বর্ধিত এলাকায় কার্যক্রম শুরু হয়।তৃতীয় ও চূড়ান্ত ধাপ (২০ এপ্রিল): আগামীকাল থেকে খুলনা সিটি কর্পোরেশনসহ দেশের সকল জেলা, উপজেলা ও পৌরসভায় একযোগে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাজমুর রহমান সজীব, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।

