
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেছেন, “মানুষের কষ্ট লাঘবে কাজ করতে গিয়ে কোনো ব্যক্তিগত তদবির গ্রহণ করা হবে না। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে।”
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নবীনগর পৌর বাজারের যানজট নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন, পৌরসভা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পিত উন্নয়ন ও বিকল্প সড়ক
এমপি আব্দুল মান্নান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনদুর্ভোগ কমাতে কাজ চলছে। বিশেষ করে আশুগঞ্জ থেকে পৌর এলাকা পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের বিষয়ে ইতোমধ্যে ঠিকাদারের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়া নদীর পাড় দিয়ে বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনাও সরকারের চিন্তায় রয়েছে। তবে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সভায় জানানো হয়, যানজট কমাতে মাঝিকাড়া হয়ে পশ্চিম পাশের সড়কটি সংস্কার ও সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এর ফলে মূল বাজারের ওপর যানবাহনের চাপ কমবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হবে।
বক্তব্যে সাংসদ নদী ভাঙন সমস্যাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম
জেলা বিএনপির সদস্য মাসুদ ইসলাম মাসুদ
সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু
পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে হেলাল উদ্দিন
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি
সভায় উপস্থিত বক্তারা নবীনগরের যানজট নিরসনে দ্রুত ও সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মতবিনিময় সভায় অংশ নেন।

