
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এক ভিন্নধর্মী মুহূর্তের সৃষ্টি হয়। সম্মেলনে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল যখন প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করছিলেন, তখন তাকে থামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী হালকা রসিকতার ছলে বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করবেন।
এ সময় উপস্থিত কর্মকর্তা ও অতিথিদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং মিলনায়তনজুড়ে করতালির ধ্বনি ওঠে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি আসলে যতটা বলা হয়েছে, তার চেয়ে কমই প্রশংসা করেছেন।
সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির মাধ্যমে স্বাস্থ্যখাতসহ সকল ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গ্রাম পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে মাঠপর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা আরও উন্নত করা যায়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং তাদের কাজের পরিবেশ উন্নত করা সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান।

