
ওদেসায় ৭, দনিপ্রোপেত্রোভস্কে ৩ জন নিহত; রাশিয়ায়ও দুই শিশু নিহত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কিয়েভ, ১৬ এপ্রিল ২০২৬ (এএফপি): রাশিয়ার নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত রাতের ব্যাপক হামলায় দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটে। চার বছর ধরে চলমান এ যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। জবাবে কিয়েভও রাশিয়ার অভ্যন্তরে নিয়মিত পাল্টা হামলা করছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহিয়ি লিসাক।
রাজধানী কিয়েভে অন্তত চার জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। মেয়র ভিটালি ক্লিচকো এ তথ্য নিশ্চিত করেছেন। হামলায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন।
কিয়েভের পোডিলস্কি জেলায় একটি ১৮তলা আবাসিক ভবনে ড্রোন সরাসরি আঘাত হানে। ফলে ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে এক শিশুকে জীবিত উদ্ধার করে। রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণে ভবন ও গাড়িতে আগুন ধরে যায় এবং জানালার কাচ ভেঙে যায়।
মধ্যাঞ্চলের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার গানঝা।
এদিকে, ইউক্রেনের রাতের হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই অঞ্চলের তুয়াপসে আবাসিক ভবনে দুই শিশু (৫ ও ১৪ বছর বয়সী) নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ।
হামলার পর কিয়েভে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়। সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বাসিন্দাদের আশ্রয়স্থলে থাকার আহ্বান জানান।
উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ড্রোন হামলায় এক নারী ও এক পুরুষ আহত হয়েছেন।
এর আগে ৩২ ঘণ্টার অর্থডক্স ইস্টার যুদ্ধবিরতি শেষ হয়। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

