
১৬ এপ্রিল ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মাগুরা-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বর্তমান সরকার উদ্যোগী রয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুসারে কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
তিনি জানান, চলতি বছরের ৫ মার্চ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে সরকার।
কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিগুলো থেকে প্রাপ্ত সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী।
আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা (হত্যা মামলাসহ) প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে জেলা ও কেন্দ্রীয় কমিটি তা পর্যালোচনা করবে। পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রমাণিত হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলার ভুক্তভোগীদের প্রতিকার দিতে সরকার আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

