
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে কোমল পানীয়ের সাথে পরিকল্পিতভাবে রাসায়নিক এসিড মিশিয়ে খাইয়ে রহমত উল্লাহ (১৫) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নিহত রহমত উল্লাহ উপজেলার ৪নং ওয়ার্ডের মেরকুটা কর্মকারপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। অভিযুক্ত বিবাদী হাসান মিয়া (৩৫) একই গ্রামের খায়ের মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে বিবাদী হাসান মিয়া কৌশলে কিশোর রহমত উল্লাহকে কোমল পানীয়ের সাথে রাসায়নিক এসিড মিশ্রিত পানি পান করায়। বিষাক্ত এই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই রহমত অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে গতকাল ১৪ এপ্রিল তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে বাড়ি ফেরার কিছু সময়ের মধ্যেই রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় রহমত শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারে চলছে মাতম। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।
নবীনগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

