
নিজস্ব প্রতিনিধি :
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১০ নং গড়ইখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের প্রধান সড়কটির এখন বেহাল দশা। রাস্তার ইটের সলিং সম্পূর্ণ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে এই এলাকার হাজারো মানুষের নিত্যদিনের যাতায়াত এখন চরম ভোগান্তিতে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মনে।
সরেজমিনে দেখা গেছে, ৭ নং ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ সড়কটির অধিকাংশ জায়গার ইট উঠে গিয়ে মাটি বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে এবং গর্তগুলোতে পানি জমে ডোবায় পরিণত হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ যাতায়াত করেন। বর্তমানে রাস্তাটির যা পরিস্থিতি, তাতে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়েছে।
রাস্তার এই জরাজীর্ণ অবস্থার কারণে এলাকায় কোনো ভ্যান, ইজিবাইক বা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধ রোগীরা। অনেক সময় মুমূর্ষু রোগীকে খাটিয়ায় করে বা কোলে তুলে মূল সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়। এতে করে সময়মতো চিকিৎসা না পেয়ে রোগীদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি মেরামতের জন্য বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না, যার কারণে তারা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এলাকাবাসীর জোর দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগেই যেন ১০ নং গড়ইখালী ইউনিয়নের এই ৭ নং ওয়ার্ডের রাস্তাটি ইটের সলিং তুলে নতুন করে পিচ ঢালাই বা টেকসই সংস্কারের ব্যবস্থা করা হয়। তারা এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং পাইকগাছা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

