
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর স্কুল মাঠে এই বিশেষ আয়োজন করা হয়।
একসময় জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা রক্ষা, বিরোধ নিষ্পত্তি ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল। আত্মরক্ষার এই প্রাচীন কৌশলটি সময়ের বিবর্তনে আজ বিলুপ্তপ্রায়। বর্তমান প্রজন্মের কাছে এই লোকজ সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতেই কুড়িঘর স্কুল মাঠে এই উৎসবমুখর আয়োজন করা হয়।
খেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল অংশ নিয়ে তাদের চমৎকার রণকৌশল ও শৈল্পিক নৈপুণ্য প্রদর্শন করেন। ঢোলের তালের সঙ্গে লাঠিয়ালদের শারীরিক কসরত ও লাঠির ঝনঝনানি দর্শকদের মুগ্ধ করে। হাজারো মানুষের করতালিতে পুরো স্কুল মাঠ মুখরিত হয়ে ওঠে।
অতিথি ও আয়োজকবৃন্দ
অনুষ্ঠানে নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ডাক্তার মহিউদ্দিন আহামেদ ময়িন, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন,
আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
আয়োজকরা জানান, শেকড়ের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রতি বছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। খেলা শেষে অংশগ্রহণকারী লাঠিয়ালদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

