রাজধানীর রূপনগর থানা এলাকায় অপরাধ দমনে জোরালো বার্তা দিল পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে দিনব্যাপী এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা যায়, প্রসেস নং-২৯৮/২৬, ৩০১/২৬ ও ২৯৯/২৬ মূলে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আবু শামীম, আবদুল হক ও হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক এসব আসামিকে আইনের আওতায় আনায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
এছাড়াও পৃথক পৃথক অপরাধে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে ব্যবস্থা গ্রহণ করে মিরপুর বিভাগীয় স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রূপনগর থানার এমন ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধ প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতিতে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা বেড়েছে।
এ বিষয়ে ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধীদের কোনো ছাড় নেই। রূপনগরকে নিরাপদ রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আইনশৃঙ্খলা রক্ষায় সাহসী ও কার্যকর ভূমিকার জন্য ইতোমধ্যে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন এই পুলিশ কর্মকর্তা।