
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের স্কুলের বাজার এলাকায় এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি)-এর আওতায় রাস্তার উন্নয়ন কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের উপকরণ ব্যবহার এবং প্রকৌশলগত নিয়ম নীতি তোয়াক্কা না করেই দায়সারাভাবে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, রাস্তার কাজে ব্যবহৃত ইটগুলো অত্যন্ত নিম্নমানের। ইটের গাঁথুনিতে নামমাত্র সিমেন্ট ও বালুর মিশ্রণ ব্যবহারের কথা থাকলেও, সেখানে বালুর পরিমাণ অনেক বেশি। ভিডিওতে স্থানীয় এক ব্যক্তিকে দেখা যায় হাত দিয়ে টান দিতেই সিমেন্টের আস্তর ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এমনকি ড্রেনের ঢালাই বা রাস্তার বেজ নির্মাণে কোনো পলিথিন বা প্রথাগত প্রকৌশল পদ্ধতি মানা হয়নি। অনেক ক্ষেত্রে ইটের নিচে কোনো প্রকার ঢালাই ছাড়াই সরাসরি মাটির ওপর বালু দিয়ে ইট বিছানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই কাজটির তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী উজ্জ্বল মিয়ার প্রত্যক্ষ অবহেলা বা জোগসাজশেই ঠিকাদারী প্রতিষ্ঠান এমন অনিয়ম করার সাহস পাচ্ছে। গ্রামবাসীর বাধা সত্ত্বেও কাজ বন্ধ না করে বরং তড়িঘড়ি করে নিম্নমানের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসীর এক সদস্য বলেন, “আমরা বহু বছর পর একটা রাস্তা পাচ্ছি। কিন্তু যেভাবে কাজ হচ্ছে, তা বর্ষার প্রথম বৃষ্টিতেই ধসে যাবে। এখানে কোনো সিমেন্ট নেই বললেই চলে, শুধু বালি আর মাটি দিয়ে আমাদের চোখের সামনে ভাঁওতাবাজি করা হচ্ছে।”
এই বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী উজ্জ্বল মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি অর্থ অপচয় রোধে এই কাজের অবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন এবং গুণগত মান নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখা উচিত।

