
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের এক দুঃসাহসিক অভিযানে ফিল্মি স্টাইলে ধাওয়া করে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কেনা এলাকায় শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একদল পুলিশ কেনা গ্রাম এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই কৌশলে পালানোর চেষ্টা করে ওই আসামি। এক পর্যায়ে সে খোলা জমির ওপর দিয়ে দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে।
তাকে পালাতে দেখে পুলিশ সদস্যরাও বিন্দুমাত্র সময় নষ্ট না করে পিছু ধাওয়া করেন। প্রায় আধা কিলোমিটার কর্দমাক্ত ও এবড়োখেবড়ো জমির ওপর দিয়ে শ্বাসরুদ্ধকর দৌড় প্রতিযোগিতার পর অবশেষে পুলিশ তাকে জাপটে ধরতে সক্ষম হয়।
অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানান, আসামি অত্যন্ত চতুরতার সাথে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের “নাছোড়বান্দা” মনোভাবের কারণে শেষ রক্ষা হয়নি তার। দীর্ঘক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার পর তাকে সফলভাবে হেফাজতে নেওয়া হয়।
বর্তমানে আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে পুলিশের এমন তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, পুলিশের এমন সজাগ দৃষ্টি অপরাধীদের মনে ভীতি সঞ্চার করবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে।

