
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে স্টুডেন্টস ফর সভরেন্টির বিবৃতি
…
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫ বাতিল হওয়ায় এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে জিয়াউল হক বলেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রণীত এই অধ্যাদেশটি গভীরভাবে পর্যালোচনা করার পর আমরা উপলব্ধি করেছি যে, এটি বাতিল করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছিল।
উক্ত অধ্যাদেশে দেশীয় মূল্যবোধ ও দেশীয় সামগ্রিক মানবিক মর্যাদাকে উপেক্ষা এবং দেশের সকল মানুষের সমান মানবাধিকারকে বাদ দিয়ে পক্ষপাতমূলকভাবে গুটিকয়েক শ্রেণীর মানুষের ভাবাদর্শ নির্ভর একটি অচেনা মূল্যবোধ ও চাপিয়ে দেয়া মানবাধিকার প্রণয়নের চেষ্টা করা হয়েছে। এছাড়া অধ্যাদেশটির গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে কোটা ব্যবস্থার পুনর্বহাল করা হয়েছে, বিশেষ করে এমন কিছু কোটা যে কোটাগুলো আমাদের পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে এবং একই সাথে আমাদের দেশীয় মূল্যবোধকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে।
এই প্রেক্ষাপটে, আমরা মনে করি যে, উক্ত অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব, দেশীয় মূল্যবোধ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।
স্টুডেন্টস ফর সভরেন্টির পক্ষ থেকে আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
একই সাথে, সরকারকে আমরা আহবান করব- জাতীয় নিরাপত্তা ও দেশীয় মূল্যবোধকে বিবেচনায় নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রণয়ন করার। যেখানে শুধু বিশেষ শ্রেণীর কথিত মানবাধিকার নয় বরং দেশের সকল মানুষের সমান মানবাধিকারের প্রতিফলন ঘটবে।

