
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। গতকাল সদর উপজেলার পৌর এলাকার গোকর্ণঘাটে পরিচালিত এই অভিযানে ১০ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করার পাশাপাশি তিন দোকান মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোকর্ণঘাট এলাকায় বেশ কিছু অনুমোদনহীন খুচরা দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে র্যাব-৯ সিপিসি-১-এর একটি চৌকস দল অংশ নেয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, মোট চারটি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১০ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করা হয়েছে। এ সময় জ্বালানি তেল বিক্রির বৈধ অনুমোদন না থাকায় এবং অবৈধ মজুদের দায়ে তিন দোকান মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযানের সময় একটি দোকানের মালিককে পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
র্যাব-৯ সিপিসি-১-এর অধিনায়ক মো. নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ মজুদদারি রোধে এই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। অনুমোদনহীন স্থানে এ ধরনের দাহ্য পদার্থ মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত তেল পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।

