
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা টেলিভিশন’-এর সফল পথচলার এক যুগ (১২ বছর) পূর্ণ হয়েছে। এই মাহেন্দ্রক্ষণ উপলক্ষে গাইবান্ধায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বাদ জোহর গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ফারাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই যমুনা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা যুগান্তর রত্ন মরহুম নুরুল ইসলাম বাবুল-এর স্মরণে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে যমুনা পরিবারের সকল সদস্যের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ও ওলামায়ে কেরামগণ। এসময় মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত হাফেজ, এতিম শিশু ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, বস্তুনিষ্ঠ সংবাদ ও সাহসিকতার সাথে এক যুগ পেরিয়ে যমুনা টেলিভিশন বর্তমানে দর্শকদের আস্থার অন্যতম শীর্ষে অবস্থান করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে যমুনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সকলে।

