ছুটির দিনের এক ভিন্নধর্মী আয়োজনে মেয়ে জায়মা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমা হলে গিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে দেখা যায় একেবারে সাধারণ পোশাকে—জিন্স, টি-শার্ট ও কেডস পরে স্বাচ্ছন্দ্যপূর্ণ ভঙ্গিতে।
প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তিও যে ব্যক্তিগত জীবনে স্বাভাবিক আনন্দ-উপভোগ করতে পারেন, তারই একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন—প্রধানমন্ত্রীত্ব মানেই কেবল আনুষ্ঠানিকতা, কঠোরতা ও গম্ভীরতা নয়; বরং মানুষের মতো মানুষের সাথেই মিশে থাকার মধ্যেও রয়েছে নেতৃত্বের সৌন্দর্য।
এদিকে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দেশের চলচ্চিত্র অঙ্গনেও নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে দর্শক সংকটে ভোগা প্রেক্ষাগৃহগুলোতে এমন উদ্যোগ মানুষের আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে। ভালো গল্প, দক্ষ নির্মাণ ও শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে মানসম্মত চলচ্চিত্র নির্মিত হলে দর্শকরা আবারও হলমুখী হবে—এমনটাই প্রত্যাশা সবার।