
মনিরা আক্তার :
নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আবেদন শুরুর মাত্র দুই দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়টিতে ১৩ হাজার ৬৭৫টি আবেদন জমা পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন কার্যক্রম শুরুর পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে আবেদন করছেন।
উচ্চশিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাত্রা শুরু করা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইতোমধ্যেই ভর্তিচ্ছুদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিশেষ করে রাজধানীর সরকারি কলেজগুলোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনকারীর বর্তমান সংখ্যা বিবেচনায় আগামী দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

