
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আশা করি, মহেশপুর উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকরা ইতিবাচক সহযোগিতা প্রদান করবেন।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মহেশপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি ইশারত মন্ডল, সাধারণ সম্পাদক মো. বাবর আলী বাবু, হাসান আলী, রমজান আলী, ওসমান গণি, নাজমুল হোসেন, ইনামুল হক, লিটন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ আরও অনেকে।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং মহেশপুরের উন্নয়নে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

