
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় মাদক বিক্রি ও দেহ ব্যবসার অভিযোগ এনে নারগিস আক্তার নামে এক নারীর গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে পৌর এলাকার ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নারীরা ঝাড়ু ও লাঠিসোটা নিয়ে অংশ নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পশ্চিম পাড়ার আয়েশা-আমজাদ পল্লীতে বসবাসকারী নারগিস আক্তার দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ও দেহ ব্যবসা চালিয়ে আসছেন। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং উঠতি বয়সের যুবকরা বিপথগামী হচ্ছে।
রেখা আক্তার নামে এক বাসিন্দা বলেন, “নারগিস আক্তার এখানে তার চাচাতো ভাইয়ের বাড়িতে থেকে এসব অপকর্ম করছে। আমরা অবিলম্বে তার গ্রেফতার চাই।”
খাদিজা বেগম অভিযোগ করে বলেন, “নারগিসকে তার নিজ গ্রাম লাউরফতেহপুরের বাড়ীখলা থেকে উচ্ছেদ করা হয়েছিল। এরপর কাঁঠালিয়া থেকেও একই কারণে বিতাড়িত হয়ে সে এখানে আস্তানা গেড়েছে। কেউ প্রতিবাদ করলে সে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।”
মাহমুদা বেগম বলেন, “তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। সে স্থানীয় কাউকেই তোয়াক্কা করে না।”
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন মাসুমা, পারভিন, শিলা আক্তার, জোবেদা সহ ওই এলাকার কয়েকশ সচেতন নাগরিক।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নারগিস আক্তার। তিনি দাবি করেন, “আমার নামে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। মূলত টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে আমার বিরোধ সৃষ্টি হয়েছে। সেই বিরোধের জেরে আমাকে সামাজিকভাবে হেয় করতে এই অপপ্রচার চালানো হচ্ছে।”
এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

