
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামে এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে নিজ বাড়ি থেকে একটু দুরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।
নিহত কিশোরের নাম আশিক বর্মন (১৬)। সে ওই গ্রামের বাদল বর্মনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে পরিবারের সদস্যরা আশিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে কিশোরটি এমন চরম পথ বেছে নিয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানা যায়নি।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
অকালে এক কিশোরের এমন মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

